
কলকাতা, ১৪ মার্চ, (হি.স.): একইসঙ্গে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু এবং অসমের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ভোটের নির্ঘণ্ট আগামী এক-দু'দিনের মধ্যেই প্রকাশিত হতে পারে বলে অনেকের ধারণা। যদিও এর মধ্যেও রয়েছে অনিশ্চয়তা।
চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন ৬০ লক্ষ ভোটারের মধ্যে ১৫ লক্ষের ব্যাপারে নিষ্পত্তি হয়ে গিয়েছে শুক্রবারই। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই ১৫ লক্ষের মধ্যে কত জন ভোট দিতে পারবেন সেই সংক্রান্ত তথ্য তুলে ধরতে আগামী সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে পারে৷
রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষে গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় ছিল মোট ৭ কোটি ৪ লক্ষ ভোটারের নাম। এর মধ্যে ৬০ লক্ষ ৬ হাজারের কাছাকাছি নাম ছিল বিচারাধীন অবস্থায়। কমিশন সূত্রে খবর, প্রাথমিকভাবে ছাড়পত্র পাওয়া নামগুলোর কারা ভোট দিতে পারবেন, প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলে বিষয়টি বোঝা যাবে।
কমিশনের একটি সূত্র জানিয়েছে, এরপর আরও কয়েকটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে৷ সমস্ত তালিকা বেরোনোর পর বোঝা যাবে শেষমেশ কতজন আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত