
দার্জিলিং, ১৪ মার্চ (হি.স.): দার্জিলিংয়ে দুই পুলিশ কর্মীর মধ্যে বচসার জেরে চলল গুলি৷ দার্জিলিং-এর ডালি পুলিশ লাইনে শনিবার ঘটে এই ঘটনা৷ দুই পুলিশ কর্মীর মধ্যে বচসা গড়ায় হাতাহাতিতে৷ এরপরই আচমকা এক এএসআই গুলি চালায়।
এতে আহত হন দার্জিলিংয়েরই এক এস আই। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত এএসআই উমেশ ছেত্রীকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। আদালতে তোলা হলে ধৃতকে পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রের খবর, ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত এএসআই-কে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে ঠিক কী কারণে বচসা এবং গুলি চালানোর ঘটনা, তা পরিষ্কার নয়।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু আদিবাসীদের অনুষ্ঠানে শিলিগুড়িতে এসে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগে সরব হয়েছিলেন৷ আদিবাসীদের অনুষ্ঠানস্থল পরিবর্তন করা হয় বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতি৷ এই অভিযোগের পরই তাৎপর্যপূর্ণ ভাবে দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্র এবং শিলিগুড়ির পুলিশ সুপার সি সুধাকরকে কেন্দ্রীয় ডেপুটেশনে চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত