ডিএ ঘোষণা আন্দোলনের আংশিক জয়, ৩৬ শতাংশ বকেয়ার দাবিতে অনড় কর্মচারী ইউনিয়ন
​কলকাতা, ১৫ মার্চ (হি.স.): রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য রোপা–২০০৯ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের সরকারি ঘোষণাকে তাঁদের দীর্ঘ আইনি লড়াই ও রাজপথের আন্দোলনের ‘আংশিক সাফল্য’ বলে দাবি করল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউন
ডিএ ঘোষণা আন্দোলনের আংশিক জয়, ৩৬ শতাংশ বকেয়ার দাবিতে অনড় কর্মচারী ইউনিয়ন


​কলকাতা, ১৫ মার্চ (হি.স.): রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য রোপা–২০০৯ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের সরকারি ঘোষণাকে তাঁদের দীর্ঘ আইনি লড়াই ও রাজপথের আন্দোলনের ‘আংশিক সাফল্য’ বলে দাবি করল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন (পিএসকেইউ)। রবিবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই সংগঠনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৬ সাল থেকে ডিএ বকেয়া নিয়ে স্যাট এবং হাইকোর্টে তাঁদের আইনি লড়াই চলছে।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, রোপা–২০০৯ অনুযায়ী মোট বকেয়া ডিএ-র প্রথম কিস্তি হিসেবে ২৫ শতাংশ অর্থ প্রদান করতে হবে। অভিযোগ, সেই নির্দেশ কার্যকর করতে গড়িমসি হওয়ায় আন্দোলন আরও জোরদার করা হয়। এই প্রেক্ষাপটে বিভিন্ন কর্মচারী সংগঠন, শিক্ষক, চিকিৎসক, নার্স ও পঞ্চায়েত কর্মীদের নিয়ে গঠিত ‘জয়েন্ট মুভমেন্ট ফোরাম’-এর উদ্যোগে কলকাতা ও জেলাগুলোতে লাগাতার আন্দোলন চলছিল। সংগঠনের দাবি, এই ধারাবাহিক চাপের মুখেই শেষ পর্যন্ত সরকার ঘোষণা করতে বাধ্য হয়েছে।

​তবে পিএসকেইউ স্পষ্ট জানিয়েছে যে, তাদের দাবি এখানেই শেষ হয়ে যাচ্ছে না। অবিলম্বে এআইসিপিআই সূচক অনুযায়ী বকেয়া-সহ ৩৬ শতাংশ ডিএ প্রদানের দাবি জানিয়েছে তারা। সংগঠনের নেতৃত্বের মতে, ডিএ কর্মচারীদের দয়া নয় বরং এটি তাঁদের আইনি অধিকার। সেই অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে আগামী দিনে আরও বৃহত্তর ও দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande