
হুগলি, ১৬ মার্চ (হি.স.): বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই হুগলি জেলা জুড়ে আদর্শ আচরণ বিধি কার্যকর হয়েছে। রবিবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদেরি। তিনি জানান, এবার জেলায় একটি নতুন ভোটগ্রহণ কেন্দ্র বাড়ানো হয়েছে, যা চন্দননগরের একটি আবাসন চত্বরে তৈরি করা হবে। এর ফলে জেলায় মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,২৩৮।
জেলাশাসক জানান, সুষ্ঠু ও অবাধ ভোট করানোর লক্ষ্যে ফ্লাইং স্কোয়াড এবং নাকা চেকিংয়ের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করলে বা টাকা বিলি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে জেলায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। স্পর্শকাতর বুথগুলোতে ওয়েবকাস্টিংয়ের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এবং ইতিপূর্বেই নিরাপত্তা বাহিনী এলাকাগুলোতে ফ্ল্যাগ মার্চ শুরু করেছে।
জেলায় বর্তমানে মোট ভোটারের সংখ্যা ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ লক্ষ ৩৬ হাজার ৪১৩ জন, মহিলা ভোটার ২২ লক্ষ ৩ হাজার ৭৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯৩ জন।
উল্লেখ্য, হুগলিতে ১০০ বছরের বেশি বয়সী ১০৩ জন এবং ৮৫ বছরের বেশি বয়সী ২৬ হাজার ৬৬৫ জন ভোটার রয়েছেন। জেলাশাসক আরও জানান, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল এবং যাঁরা ফর্ম-৬ এর মাধ্যমে আবেদন করেছেন, তাঁদের শুনানি প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। তবে বিতর্কিত ভোটারদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিচারবিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমেই নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি