তেলিয়ামুড়ায় তিপ্রা মথার ভাঙন, ৫৬ পরিবারের ১৫৫ জন বিজেপিতে
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৫ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে রাজনৈতিক তৎপরতা ক্রমশ তীব্র হয়ে উঠছে। রবিবার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার হাজরাবাড
বিজেপির যোগদান সভা


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৫ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে রাজনৈতিক তৎপরতা ক্রমশ তীব্র হয়ে উঠছে। রবিবার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার হাজরাবাড়ি বাজার শেডে বিজেপি-এর কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। ওই সভায় তিপ্রা মথা দল ছেড়ে ৫৬টি পরিবারের ১৫৫ জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন।

যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে স্বাগত জানান রাজ্যের জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর মণ্ডলের সহ-সভাপতি গোপাল দাস, মণ্ডলের সাধারণ সম্পাদক ওয়াথারাই মলসুমসহ বিজেপি-এর অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, গত পাঁচ বছরে টিটিএএডিসি এলাকায় বসবাসকারী জনজাতি মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে তিপ্রা মথা প্রশাসন কার্যত ব্যর্থ হয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলেও তিনি দাবি করেন।

মন্ত্রী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও রাস্তা-সহ নিত্যপ্রয়োজনীয় পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছে। জনজাতি মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন। উন্নয়নের সেই ধারার উপর আস্থা রেখেই সাধারণ মানুষ বিজেপি-এর পতাকার নিচে একত্রিত হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

এদিনের সভায় হাজরা পাড়ার রিয়াং সম্প্রদায়ভুক্ত বহু পরিবার উপস্থিত ছিলেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনের অধীনে থেকেও এলাকার মৌলিক সমস্যাগুলির সমাধান হয়নি। তাই উন্নয়নের প্রত্যাশায় তাঁরা বিজেপি-এর প্রতি আস্থা রেখে দলীয় পতাকা হাতে তুলে নিয়েছেন।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা দাবি করেন, আগামী টিটিএএডিসি নির্বাচনেই তিপ্রা মথা বড় ধাক্কা খাবে। তাঁর কথায়, “জনজাতি মানুষের আবেগকে সামনে রেখে রাজনীতি করা সহজ, কিন্তু উন্নয়নের বাস্তব কাজ করতে ব্যর্থ হলে মানুষ তা মেনে নেয় না।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande