
নদিয়া, ১৫ মার্চ (হি.স.): রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই মাঝপথে বন্ধ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল। রবিবার বিকেলে নদিয়া জেলার নবদ্বীপ শহরে আয়োজিত এই কর্মসূচি শুরু হলেও আদর্শ আচরণ বিধি (কার্যকর হওয়ায় শেষ পর্যন্ত তা মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হন উদ্যোক্তারা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, “আবার জিতবে বাংলা” স্লোগানকে সামনে রেখে এদিন সারা রাজ্যেই বাইক মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচি মেনে এদিন বিকেল চারটে নাগাদ নবদ্বীপের প্রাচীন মায়াপুরের রামকৃষ্ণ মাঠ সংলগ্ন মায়াপুর মোড় থেকে মিছিলের সূচনা হয়। নবদ্বীপ ও আশপাশের এলাকা থেকে বহু কর্মী-সমর্থক বাইক নিয়ে এই মিছিলে যোগ দেন। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ধরে যখন এগোচ্ছিল, ঠিক তখনই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করে রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করে।
ভোটের দিনক্ষণ ঘোষণার সাথে সাথেই নির্বাচনী আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে যায়। মিছিলটি যখন দেওয়াড়াপাড়া সংলগ্ন এলাকায় পৌঁছায়, তখনই দলের পক্ষ থেকে মিছিল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, সংগঠনকে শক্তিশালী করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তবে যেহেতু কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, তাই নিয়ম মেনেই মিছিল মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত