
দক্ষিণ ২৪ পরগনা, ১৫ মার্চ (হি.স.): পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করল তৃণমূল যুব কংগ্রেস এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা সংখ্যালঘু সেল। রবিবার মগরাহাট পূর্ব বিধানসভার যুগদিয়া অঞ্চলের তালতলা দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এদিন এলাকার প্রায় দেড়শোরও বেশি অসহায় পরিবারের শিশু, কিশোর-কিশোরী ও প্রবীণদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, বিধায়িকা নমিতা সাহা, জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ইফতারের আসরে উপস্থিত হয়ে সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, “ইফতার মেহফিলের মাধ্যমে সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দলের জনসংযোগ ও সম্পর্ক আরও দৃঢ় হবে।”যুগদিয়া অঞ্চল তৃণমূল যুব সভাপতি ইকবাল হোসেন জানান, তাঁদের সংগঠন সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে তাঁরা খুশি। মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই বস্ত্র বিতরণ ও ইফতারের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত