
কলকাতা, ১৫ মার্চ (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে শিক্ষার প্রসারে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল ভারত সেবাশ্রম সংঘ। রবিবার মথুরাপুর প্রণবানন্দ মানব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে প্রণবানন্দ বিদ্যামন্দিরের নবনির্মিত ‘মামারাজ আগরওয়ালা ভবন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভবনের দ্বারোঘাটন করেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।এদিন স্বামী প্রণবানন্দ মহারাজের ১৩১তম আবির্ভাব বর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছিল। আশ্রমের সন্ন্যাসী, পড়ুয়া, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে আয়োজিত এই পদযাত্রায় নেতৃত্ব দেন স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। শিক্ষা ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি ব্রহ্মানন্দ আগরওয়ালা, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ এদিন তাঁর বক্তব্যে বলেন, “এই নতুন বিদ্যালয় ভবনটি এলাকার ছাত্রছাত্রীদের পঠনপাঠনের জন্য উন্নত পরিকাঠামো প্রদান করবে। ভবিষ্যতে শিক্ষার প্রসারে প্রণবানন্দ বিদ্যামন্দির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।” আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় পড়ুয়াদের মধ্যে মানসম্মত শিক্ষা এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত