
নন্দীগ্রাম, ১৫ মার্চ (হি. স.):- আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসে ভাঙনের ছবি সামনে এল। রবিবার নন্দীগ্রামের হরিপুর পার্টি অফিসে বিজেপির এক অনুষ্ঠানে তৃণমূলের দুই নির্বাচিত প্রতিনিধি এবং সিপিআইএমের এক প্রবীণ নেতা বিজেপিতে যোগদান করেন।রবিবার বিজেপি সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপির পতাকা তুলে নেন সোনাচুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নির্বাচিত সদস্য সমরেশ মণ্ডল, নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের নির্বাচিত সদস্য শর্মিষ্ঠা বেরা সেনাপতি এবং সিপিআইএমের প্রবীণ নেতা বিদ্যার্থী দাস। দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিজেপিতে স্বাগত জানান শুভেন্দু অধিকারী।অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের শাসক দলের প্রতি মানুষের আস্থা কমছে এবং উন্নয়নের স্বার্থে অনেকেই বিজেপিতে যোগ দিচ্ছেন। নতুনভাবে যোগদানকারী নেতাদের সঙ্গে এলাকার আরও বহু কর্মী-সমর্থক ভবিষ্যতে বিজেপিতে যোগ দেবেন বলেও দাবি করেন তারা।অন্যদিকে রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র থেকে তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিদের দলবদল রাজ্যের রাজনীতিতে নতুন করে জল্পনা বাড়িয়েছে। তবে এই ঘটনাকে তৃণমূল নেতৃত্ব তেমন গুরুত্ব দিতে চাইছে না বলে দলীয় সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়