
শান্তিরবাজার (ত্রিপুরা), ১৫ মার্চ : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে পুরাতন বিদ্যুৎ দফতর চত্বরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাত্র এক সপ্তাহের মধ্যে একই স্থানে দ্বিতীয়বার আগুন লাগায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রবিবার হঠাৎই দফতরের পুরনো ইলেক্ট্রিক অফিস চত্বরে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা আশপাশে ছড়িয়ে পড়তে শুরু করে। খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তিরবাজার অগ্নিনির্বাপক দফতরের একটি দল। দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
তবে স্বল্প সময়ের ব্যবধানে একই জায়গায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, অফিস চত্বর দীর্ঘদিন ধরে অপরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে। ঝোপঝাড় ও শুকনো আগাছা পরিষ্কার না করায় সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে বলে তাঁদের দাবি।
যদিও বিদ্যুৎ দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ