
শ্রীনগর, ১৫ মার্চ (হি.স.) : পর্যটনকেন্দ্র গুলমার্গসহ কাশ্মীরের একাধিক উঁচু এলাকায় নতুন করে তুষারপাত হয়েছে। অন্যদিকে সমতল এলাকায় রবিবার বৃষ্টি হয়েছে।
গুলমার্গের আফরওয়াত এবং কংদুরি বোল-সহ উপরের এলাকাগুলিতে তুষারপাত হয়েছে, যা শেষ খবর পাওয়া পর্যন্ত চলছিল। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় মুঘল রোডের পির কি গলি এবং সোনমার্গ–জোজিলা পাসেতেও তাজা তুষারপাত হয়েছে।
অধিকারীরা জানিয়েছেন, জোজিলা গিরিপথে তুষারপাতের কারণে শ্রীনগর–লেহ জাতীয় সড়ক বন্ধ করে দিতে হয়েছে। একই সঙ্গে শ্রীনগরসহ উপত্যকার সমতল এলাকাগুলিতে বৃষ্টিও হয়েছে, যা শেষ খবর পাওয়া পর্যন্ত অব্যাহত ছিল। বৃষ্টির ফলে উপত্যকায় দিনের তাপমাত্রা কমে গেছে।
রবিবার আবহাওয়া দফতর জানিয়েছে, ২০ মার্চ পর্যন্ত আবহাওয়া অস্থির থাকতে পারে। সোমবার সকাল পর্যন্ত মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও উঁচু এলাকায় কিছু জায়গায় হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে।
১৮ থেকে ২০ মার্চ পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং অনেক জায়গায় মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাত হতে পারে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২৪-২৫ মার্চ আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও হালকা বৃষ্টি বা উঁচু এলাকায় তুষারপাত হতে পারে।
রবিবার ও সোমবার কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত এবং ঘণ্টায় প্রায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য