
গোসাবা, ১৬ মার্চ (হি.স.) : বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথেই দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিবাদ ফের প্রকাশ্যে এল। সোমবার বিকেলে বিপ্রদাসপুরে দলের একটি সভাকে কেন্দ্র করে ব্লক ও অঞ্চল নেতৃত্বের এই সংঘাত চরম আকার ধারণ করে।
এদিন ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবিদ আলি ঢালির নেতৃত্বে বিপ্রদাসপুরে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা থেকেই সুবিদ আলি সরাসরি তোপ দাগেন স্থানীয় অঞ্চল সভাপতি তথা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী অমরেশ মণ্ডলের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এই অমরেশ মণ্ডল ওরফে 'বাবু ডাক্তার' বারবার তাঁদের এই সভা আয়োজনে বাধা দিয়েছেন। সুবিদ আলির দাবি, বিধায়কের মদতেই এই এলাকায় দলের কর্মসূচি পণ্ড করার চেষ্টা করা হয়েছে, যদিও শেষ পর্যন্ত তাঁরা সভা করতে সফল হন।
প্রকাশ্য মঞ্চ থেকেই অমরেশ মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তোলেন সুবিদ আলি। তিনি বলেন, এলাকায় খাল সংস্কারের নামে প্রায় ৮০ লক্ষ টাকা তছরুপ করেছেন অমরেশ। এছাড়াও বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনে দলের অন্দরে থেকে 'গদ্দারি' করার অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে। ক্ষোভের আঁচ থেকে রেহাই পাননি স্থানীয় বিধায়ক সুব্রত মণ্ডলও। সুবিদ আলির দাবি, গত কয়েক বছরে বিধায়ককে ৯টি দ্বীপের কোথাও দেখা যায়নি এবং এলাকায় কোনও উন্নয়নমূলক কাজও হয়নি। তবে তিনি এও স্পষ্ট করেন যে, দল আগামী নির্বাচনে যাঁকেই টিকিট দেবে, তাঁরা তাঁর হয়েই কাজ করবেন।
সুবিদ আলি ঢালির কথায়, “সুব্রত মণ্ডলের নির্দেশেই অমরেশ আমাদের সভা করতে দিচ্ছিলেন না। দলের মধ্যে থেকেও তিনি দলের স্বার্থবিরোধী কাজ করছেন।” যদিও এই অভিযোগ প্রসঙ্গে অমরেশ মণ্ডল বা বিধায়ক সুব্রত মণ্ডলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উভয়েই ফোন ধরেননি এবং বার্তারও কোনও উত্তর দেননি।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা