প্রার্থী নিয়ে অসন্তোষ, নদিয়ায় ভাঙচুর সিপিআই(এম) কার্যালয়ে
নদিয়া, ১৭ মার্চ (হি.স.) : প্রার্থী তালিকায় নাম ঘোষণা হতেই নদিয়ার কালীগঞ্জে সিপিআই(এম)-এর দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটল। অভিযোগ, দলের ঘোষিত প্রার্থীর নাম নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কর্মীদের একাংশই এই ভাঙচুর চালিয়েছেন। কালীগঞ্জ বিধানসভা আসন থেকে এবার দ
প্রার্থী নিয়ে অসন্তোষ, নদিয়ায় ভাঙচুর সিপিআই(এম) কার্যালয়ে


নদিয়া, ১৭ মার্চ (হি.স.) : প্রার্থী তালিকায় নাম ঘোষণা হতেই নদিয়ার কালীগঞ্জে সিপিআই(এম)-এর দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটল। অভিযোগ, দলের ঘোষিত প্রার্থীর নাম নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কর্মীদের একাংশই এই ভাঙচুর চালিয়েছেন।

কালীগঞ্জ বিধানসভা আসন থেকে এবার দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সাবিনা ইয়াসমিনকে। তিনি সেই ৯ বছরের শিশুকন্যার মা, যার মৃত্যু হয়েছিল ২০২৫ সালের উপনির্বাচন পরবর্তী সন্ত্রাস ও বোমাবাজির ঘটনায়। দলীয় সূত্রে খবর, এই প্রার্থী বাছাই ঘিরেই স্থানীয় কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। সেই ক্ষোভের জেরে মঙ্গলবার বিকেলে একদল কর্মী পার্টি অফিসে ভাঙচুর চালায়। বিক্ষোভকারীদের দাবি, এই প্রার্থী বদল করতে হবে।

উল্লেখ্য, সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ১৯২ জন প্রার্থীর যে তালিকা প্রকাশ করেছেন, সেখানে কালীগঞ্জ আসনের জন্য সাবিনা ইয়াসমিনের নাম ঘোষণা করেন। প্রার্থীর নাম ঘোষণা করতে গিয়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেছিলেন যে, কালীগঞ্জে একজন ‘শহিদ কন্যার মা’-কে প্রার্থী করা হয়েছে। প্রসঙ্গত, ২০২৫-এর উপনির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিল চলাকালীন একটি বোমা বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছিল। সেই সময় থেকেই সাবিনা ইয়াসমিন সুবিচারের দাবিতে সরব ছিলেন।

তবে কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন সিপিআই(এম)-এর জেলা কমিটির সদস্য এস এম সাদি। তিনি জানান, ভাঙচুরের মতো কোনও বড় ঘটনা ঘটেনি। তবে প্রার্থী নিয়ে কর্মীদের মধ্যে সামান্য ক্ষোভ রয়েছে, যা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande