
কলকাতা, ১৭ মার্চ (হি.স.): ভোটের নির্ঘন্ট ঘোষণা হতেই পশ্চিমবঙ্গে আবারও রাজ্য পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন। এক ধাক্কায় রাজ্যের ১২ জন পুলিশ সুপার বদল করা হল। শুধু তাই নয়, কলকাতার ডিসি (সেন্ট্রাল) পদ থেকে সরিয়ে দেওয়া হল ইন্দিরা মুখোপাধ্যায়কে। মঙ্গলবার রাজ্যের ১২ জায়গায় পুলিশ সুপারকেও পাল্টে দিল কমিশন। সেই তালিকায় রয়েছেন বীরভূম, ডায়মন্ড হারবার, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, মালদহের পুলিশ সুপারও। বীরভূমের পুলিশ সুপার করা হয়েছে সূর্যপ্রতাপ যাদবকে। কোচবিহারের এসপি সন্দীপ কাররাকে সরিয়ে সেই জেলায় দায়িত্ব দেওয়া হল জসপ্রীত সিংকে। বারাসত পুলিশ জেলার নতুন এসপি হলেন আইপিএস ২০১২ সালের ব্যাচের পুষ্পা। ডায়মন্ড হারবারের পুলিশ জেলার সুপারকেও বদলে দিল কমিশন। এই পদে ছিলেন বিশপ সরকার। তাঁর জায়গায় আনা হল ঈশানী পালকে।
মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি ধৃতিমান সরকারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল আইপিএস ২০১৩ সালের ব্যাচের সচিনকে। বসিরহাট পুলিশ সুপার আরিশ বিলালকেও সরাল কমিশন। তাঁর জায়গায় আনা হল অলকানন্দা ভোয়ালকে। মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদবকে বদলে দায়িত্ব দেওয়া হল অনুপম সিনহাকে। পূর্ব মেদিনীপুরের এসপি পারিজাত বিশ্বাসকেও সরিয়ে দিল কমিশন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ