অসম বিধানসভা নির্বাচন : কালো টাকা রোধে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু আয়কর দফতরের
গুয়াহাটি, ১৭ মাৰ্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে কালো টাকার ব্যবহারে নজরদারি ও নিয়ন্ত্রণ করতে অসমে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে আয়কর দফতর। আগামী ৯ এপ্রিল (২০২৬) অনুষ্ঠেয় রাজ্য বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনায় ভারতে
আয়কর_প্রতিনিধিত্বমূলক ছবি


গুয়াহাটি, ১৭ মাৰ্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে কালো টাকার ব্যবহারে নজরদারি ও নিয়ন্ত্রণ করতে অসমে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে আয়কর দফতর।

আগামী ৯ এপ্রিল (২০২৬) অনুষ্ঠেয় রাজ্য বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনায় ভারতের নির্বাচন কমিশনকে সহায়তা করতে গুয়াহাটিতে অবস্থিত আয়কর (তদন্ত) অধিকরণ, উত্তর-পূর্বাঞ্চল এই উদ্যোগ নিয়েছে।

বিভাগীয় বিজ্ঞপ্তিতে এ খবর দিয়ে জানানো হয়েছে, গোটা অসম জুড়ে নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ হয়ে গেছে। তাই এই সময়কালে রাজ্যজুড়ে অবৈধ নগদ টাকা, সোনা-রূপা, মূল্যবান ধাতু এবং অন্যান্য মূল্যবান সামগ্রীর সন্দেহজনক চলাচলের ওপর কড়া নজর রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কন্ট্রোল রুমটি কার্যকর থাকবে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সততা বজায় রাখতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ভোটে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে গুয়াহাটির জিএস রোডের ক্রিশ্চিয়ানবস্তি এলাকায় অবস্থিত আয়কর ভবনে ২৪ ঘণ্টা চালু করা হয়েছে কন্ট্রোল রুমটি। নাগরিকরা সন্দেহজনক নগদ অর্থ বা মূল্যবান সামগ্রীর চলাচল বা বণ্টন সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য মোবাইল, হোয়াটসঅ্যাপ, ল্যান্ডলাইন নম্বর এবং ই-মেলের মাধ্যমে জানাতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আয়কর বিভাগ আশ্বস্ত করেছে, তথ্যদাতাদের পরিচয় প্রকাশ করা হবে না, সমস্ত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। তবে, তথ্য অবশ্যই নির্ভরযোগ্য ও কার্যকর হতে হবে বলে জোরের সঙ্গে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande