
আগরতলা, ১৭ মার্চ (হি.স.) : পবিত্র বারুণী স্নানকে কেন্দ্র করে রাজধানী আগরতলার টাউন প্রতাপগড়ের হাওড়া নদীর গোদারা ঘাটে মঙ্গলবার পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। একই সঙ্গে ঘাট সংলগ্ন রামঠাকুর বয়েজ স্কুল মাঠে বসেছে ঐতিহ্যবাহী বারুণী মেলা, যা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত। এই তিথিতে বারুণী স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রতি বছরের মত এবারও এই তিথি উপলক্ষ্যে গোদারা ঘাটে ভোর থেকেই ভক্তদের সমাগম শুরু হয়। পুণ্যার্থীরা নদীতে স্নান সেরে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন।
এদিন স্থানীয় ত্রিনাথ মন্দিরে ছিন্নমস্তা কালীপুজোর আয়োজন করা হয়। পুজো ও স্নান উপলক্ষ্যে বহু সাধু-সন্ত ও ভক্তের সমাগম ঘটে। পাশাপাশি, উদীয়মান সংঘের উদ্যোগে আয়োজিত বারুণী মেলায় বিভিন্ন দোকান, বিনোদন ও খাদ্য স্টলে ভিড় জমায় সাধারণ মানুষ। মেলার সুষ্ঠু পরিচালনায় ক্লাব সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করছেন বলে জানান আয়োজকরা।
অন্যদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার লাউগাং এলাকায় মুহুরি নদীর সঙ্গমস্থলেও ঐতিহ্যবাহী বারুণী মেলা ও পবিত্র স্নানের আয়োজন করা হয়। সেখানেও বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটে। আয়োজকদের দাবি, প্রায় ১৫২ বছর ধরে এই সঙ্গমস্থলে বারুণী তিথি উপলক্ষ্যে মেলা ও স্নানের প্রথা চলে আসছে।
সব মিলিয়ে, রাজ্যের বিভিন্ন প্রান্তে বারুণী স্নান ও মেলাকে কেন্দ্র করে ধর্মীয় ও সামাজিক আবহে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ