
কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজনৈতিক উত্তাপের পারদ তুঙ্গে চড়িয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাট থেকে ২৯১টি আসনের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ করে তিনি যেমন অভিজ্ঞতার ওপর ভরসা রেখেছেন, তেমনই একঝাঁক নতুন ও তরুণ মুখ নিয়ে এসে বড়সড় চমক দিয়েছেন। এবারের তালিকায় সবথেকে বড় চমক— ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারীর লড়াই।
এবারের নির্বাচনের কেন্দ্রবিন্দু হতে চলেছে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের গড় থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার বিজেপি এই আসনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য শুরু হয়েছিল। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই পরিষ্কার হয়ে গেল যে, ২০২৬-এর বাংলার লড়াইয়ের ‘এপিসেন্টার’ হতে চলেছে ভবানীপুর। এককালে মমতার ছায়াসঙ্গী শুভেন্দু এখন বিজেপির প্রধান মুখ, তাই এই লড়াই কেবল একটি আসনের জয়-পরাজয় নয়, বরং দুই শিবিরের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই।
২০২১-এর হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে এবার তৃণমূলের রণকৌশল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার সকালেই শুভেন্দু অধিকারীর একদা ঘনিষ্ঠ নেতা পবিত্র কর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং বিকেলেই তাঁর নাম নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষিত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দুর ঘরোয়া লোক দিয়েই তাঁকে নন্দীগ্রামে চাপে ফেলার কৌশল নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রার্থীতালিকায় বড় চমক হিসেবে উঠে এসেছে যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের নাম। চুঁচুড়ার তিন বারের বিধায়ক তথা বর্ষীয়ান নেতা অসিত মজুমদারকে সরিয়ে দেবাংশুকে প্রার্থী করে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে যে, এবার যুব শক্তির ওপর বাজি ধরছে কালীঘাট। অন্যদিকে, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে উত্তরপাড়া থেকে প্রার্থী করে পারিবারিক উত্তরাধিকার ও তারুণ্যের মেলবন্ধন ঘটিয়েছে দল।
উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় মাস্টারস্ট্রোক দিয়েছে তৃণমূল। রাজগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে প্রখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মনকে। তাঁর আকাশছোঁয়া জনপ্রিয়তা পাহাড় ও সমতলের সংযোগস্থলে বাড়তি সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে। তবে উত্তরবঙ্গে প্রার্থী পদ থেকে বাদ পড়েছেন দুই হেভিওয়েট— নাটাবাড়ির রবীন্দ্রনাথ ঘোষ ও আলিপুরদুয়ারের সৌরভ চক্রবর্তী। আলিপুরদুয়ারে এবার টিকিট পেয়েছেন বিজেপি থেকে আসা আইনজীবী সুমন কাঞ্জিলাল। শিলিগুড়িতে বর্তমান মেয়র গৌতম দেব এবং ডাবগ্রাম-ফুলবাড়িতে রঞ্জনশীল শর্মার ওপর আস্থা রেখেছে দল।
মালদায় গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে এবং স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে চাঁচল কেন্দ্রে প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। হরিশ্চন্দ্রপুরের দাপুটে মন্ত্রী তজমুল হোসেন এবং চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ এবার টিকিট পাননি। মানিকচকের অসুস্থ বিধায়ক সাবিত্রী মিত্রের জায়গায় এসেছেন কবিতা মণ্ডল।
তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ এবার সরাসরি নির্বাচনের ময়দানে। বেলেঘাটা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে দল তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক লড়াকু মেজাজের স্বীকৃতি দিল। কোচবিহারের তুফানগঞ্জে প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল এবং জলপাইগুড়িতে স্বপ্না বর্মন—খেলোয়াড়দের ওপর তৃণমূলের বিশেষ ঝোঁক এবারও বজায় রইল। তবে শিবপুরের বিদায়ী বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি এবার আর টিকিট পাননি। টলিউডের সোম চক্রবর্তীকে এবার তাঁর পুরনো আসন চণ্ডীপুর থেকে সরিয়ে করিমপুর আসনে পাঠানো হয়েছে।
জেলে থাকা সত্ত্বেও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ওপর আস্থা হারায়নি তৃণমূল। হাবড়া কেন্দ্র থেকে তাঁকেই ফের প্রার্থী করা হয়েছে। তবে রেশন দুর্নীতি ও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহাকে এবার আর টিকিট দেয়নি কালীঘাট।
এবারের প্রার্থীতালিকায় ৫২ জন মহিলা প্রার্থী এবং ৩৯ জন সংখ্যালঘু প্রার্থী রেখে সামাজিক ভারসাম্যের দিকে নজর রেখেছেন তৃণমূল সুপ্রিমো। প্রার্থী ঘোষণা হতেই গোটা রাজ্যে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের মেজাজ লক্ষ্য করা গিয়েছে। এখন দেখার, এই নতুন ও পুরনো সেনাপতিদের নিয়ে ২০২৬-এর নির্বাচনী বৈতরণী তৃণমূল কতটা সাফল্যের সঙ্গে পার করতে পারে।
এক নজরে জেনে নিন তৃণমূলের উল্লেখযোগ্য প্রার্থী তালিকা…
• কোচবিহারের মেখলিগঞ্জে পরেশ্চন্দ্র অধিকারী
• মাথাভাঙ্গা সাবলু বর্মন
• দিনহাটা উদয়ন গুহ
• রাজগঞ্জ স্বপ্না বর্মন
• তুফানগঞ্জ শিবশংকর পাল
• কোচবিহার উত্তর পার্থপ্রতিম রায়
• কোচবিহার দক্ষিণ অভিজিৎ দে ভৌমিক (হিপ্পি)
• সিতাই সঙ্গিতা রায় বসুনিয়া
• নাটাবাড়ি শৈলেন বর্মা
• শীতলকুচি হরিহর দাস
• আলিপুরদুয়ার সুমন কাঞ্জিলাল
• মাটিগাড়া-নকশালবাড়ি শংকর মালাকার
• ডাবগ্রাম-ফুলবাড়ি রঞ্জন শীল শর্মা
• শিলিগুড়ি গৌতম দেব
• বালুরঘাট অর্পিতা ঘোষ
• রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী
• কুমারগ্রাম রাজীব তির্কি
• কালচিনি বীরেন্দ্র বারা ওরাওঁ
• ফালাকাটা সুভাষ রায়
• মাদারিহাট জয় প্রকাশ টোপ্পো
• ধূপগুড়ি নির্মল চন্দ্র রায়
• ময়নাগুড়ি রামমোহন রায়
• জলপাইগুড়ি কৃষ্ণ দাস
• মালবাজার বুলু চিক বরাইক
• নাগরাকাটা সঞ্জয় কুজুর
• ফাঁসিদেওয়া রীনা টোপ্পো এক্কা
• চাঁচল-মালদা: প্রসূন বন্দ্যোপাধ্যায়
• চোপড়া হামিদুল রহমান
• ইসলামপুর কানাইয়া লাল আগরওয়াল
• গোয়ালপোখর মহম্মদ গুলাম রব্বানী
• চাকুলিয়া মিনহাজুল আরফিন আজাদ
• করণদিঘি গৌতম পাল
• হেমতাবাদ সত্যজিত্ বর্মন
• কালিয়াগঞ্জ নীতাই বৈশ্য
• ইটাহার মোসারফ হোসেন
• কুশমণ্ডি রেখা রায়
• কুমারগঞ্জ তোরাফ হোসেন মণ্ডল
• বালুরঘাট অর্পিতা ঘোষ
• তপন চিন্তামণি বিহা
• গঙ্গারামপুর গৌতম দাস
• হরিরামপুর বিপ্লব মিত্র
• মালদা হবিবপুর অমল কিসকু
• গাজোল প্রসেনজিত্ দাস
• হরিশ্চন্দ্রপুর মহম্মদ মতেবুর রহমান
• মালতীপুর আব্দুর রহিম বক্সি
• রতুয়া সমর মুখোপাধ্যায়
• মানিকচক কবিতা মণ্ডল
• মালদা লিপিকা বর্মন ঘোষ
• ইংরেজবাজার আশিস কুণ্ডু
• মোথাবাড়ি মহম্মদ নজরুল ইসলাম
• সুজাপুর সাবিনা ইয়াসমিন
• বৈষ্ণবনগর চন্দনা সরকার
• হাবড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দিল তৃণমূল।
• ফরাক্কা আমিরুল ইসলাম
• সামসেরগঞ্জ নুর আলম
• সুতি ইমানি বিশ্বাস
• জঙ্গিপুর জাকির হোসেন
• রঘুনাথগঞ্জ জনাব আখরুজ্জামান
• সাগরদিঘি বায়রন বিশ্বাস
• লালগোলা আব্দুল আজিজ
• ভগবানগোলা রেয়াত হুসেন সরকার
• রানিনগর সৌমিক হুসেন
• মুর্শিদাবাদ সাওনি সিংহ রায়
• মানিকতলা শ্রেয়া পাণ্ডে
• চুঁচুড়া দেবাংশু ভট্টাচার্য
• বেচারাম মান্না সিঙ্গুর
• বেহালা পশ্চিম রত্না চট্টোপাধ্যায়
• বেলেঘাটা কুণাল ঘোষ
• সবং মানস ভুঁইয়া
• দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য
• ভাঙড় শওকত মোল্লা
• মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে। ভবানীপুর আসনে মমতা-শুভেন্দু দ্বৈরথ। নিজের কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল সুপ্রিমো।
• মানিকতলা শশী পাঁজা
• নন্দীগ্রামে পবিত্র কর
উল্লেখ্য, ২০২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দুই দফায়। প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে প্রতি দফায় অন্তত ২,৩০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েন করা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি