
ঝাড়গ্রাম, ১৭ মার্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর একদিনও দেরি না করে ঝাড়গ্রাম জেলায় প্রচারে ঝাঁপিয়ে পড়ল বিজেপি। জেলার চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পরই গেরুয়া শিবিরে তৎপরতা বেড়েছে। তারই প্রতিফলন দেখা গেল ঝাড়গ্রাম কেন্দ্রে।
মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ জোরকদমে প্রচার শুরু করেন। শহরের কলেজ মোড় থেকে ঢোল-ধামসা বাজিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য মিছিল করেন তিনি। মিছিল ঘিরে উৎসবের আবহ তৈরি হলেও, রাজনৈতিক বার্তাও ছিল স্পষ্ট—প্রচারযুদ্ধে শুরু থেকেই এগিয়ে থাকতে চাইছে বিজেপি।
প্রচার কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীকান্ত সাউ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে জোর দেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার সমস্যা ও চাহিদার খোঁজ নেন। পাশাপাশি দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী কৌশল নিয়েও আলোচনা করেন।
এদিনের কর্মসূচির উল্লেখযোগ্য দিক ছিল প্রার্থীর নিজ হাতে দেওয়াল লিখন। রং-তুলি হাতে নিয়ে তিনি দলীয় প্রতীক পদ্মফুল আঁকেন, যা কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করে।
রাজনৈতিক মহলের মতে, প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই মাঠে নেমে পড়ার এই কৌশল থেকে স্পষ্ট, ঝাড়গ্রামে সংগঠনগত শক্তি প্রদর্শন ও জনসংযোগ বাড়াতে বিজেপি শুরু থেকেই আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। ভোটের আগে এই তৎপরতা আগামী দিনে রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলবে বলে মত বিশ্লেষকদের।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো