বাঁকুড়ায় ১০ কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা, স্থানীয় ও পুরনো মুখেই জোর
বাঁকুড়া, ১৭ মার্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বাঁকুড়া জেলায় প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বাঁকুড়া ও বিষ্ণুপুর ছাড়া বাকি ১০টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলের কেন্
বাঁকুড়ায় ১০ কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা, স্থানীয় ও পুরনো মুখেই জোর


বাঁকুড়া, ১৭ মার্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বাঁকুড়া জেলায় প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বাঁকুড়া ও বিষ্ণুপুর ছাড়া বাকি ১০টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলের কেন্দ্রীয় কার্যালয়।

দল সূত্রে জানা গিয়েছে, গত নির্বাচনে জয়ী শালতোড়া, ছাতনা, ওন্দা, ইন্দাস ও সোনামুখী কেন্দ্রের বিধায়কদেরই ফের প্রার্থী করা হয়েছে। অন্যদিকে বাঁকুড়া সদর ও বিষ্ণুপুর কেন্দ্রে এখনও প্রার্থীর নাম ঘোষণা হয়নি, ফলে ওই দুই কেন্দ্রকে ঘিরে জল্পনা তুঙ্গে।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—শালতোড়ায় চন্দনা বাউরি, ছাতনায় সত্যনারায়ণ মুখোপাধ্যায়, ওন্দায় অমরনাথ শাখা, কোতুলপুরে লক্ষ্মীকান্ত মজুমদার, ইন্দাসে নির্মল কুমার ধারা, সোনামুখীতে দিবাকর ঘরামি, রাইপুরে ক্ষেত্রমোহন হাঁসদা, রানীবাঁধে ক্ষুদিরাম টুডু, তালডাংরায় সৌভিক পাত্র এবং বড়জোড়ায় বিল্লেশ্বর সিনহা।

কোতুলপুর কেন্দ্রে দলবদলকারী প্রাক্তন বিধায়ক হরকালী প্রতিহারের পরিবর্তে শিক্ষক লক্ষ্মীকান্ত মজুমদারকে প্রার্থী করা হয়েছে। তিনি দলের পুরনো কর্মী এবং ২০১৪ সালেও এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রাইপুর কেন্দ্রে কৃষক ক্ষেত্রমোহন হাঁসদাকে প্রার্থী করা হয়েছে, যিনি ২০১১ সালে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী হিসেবে নির্বাচন লড়েছিলেন।

তালডাংরা কেন্দ্রে প্রার্থী সৌভিক পাত্র স্থানীয় নেতৃত্বের অন্যতম মুখ। তিনি দলের মণ্ডল সভাপতি এবং বিভিন্ন স্থানীয় ইস্যুতে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় এলাকায় পরিচিত।

উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও ২০২৪ সালের উপনির্বাচনে স্থানীয় প্রার্থীর অভাবকে বিজেপির পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করা হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার দল স্থানীয় ও অভিজ্ঞ নেতাদেরই প্রাধান্য দিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande