
ঝাড়গ্রাম, ১৭ মার্চ (হি.স.) : ভোটের আগে জঙ্গলমহলের রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। সংগঠনকে আরও শক্তিশালী করা ও উন্নয়নের গতি বাড়ানোর লক্ষ্যে ঝাড়গ্রাম জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করেছে শাসক দল।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে মন্ত্রী বীরবাহা হাঁসদাকে ঝাড়গ্রাম থেকে সরিয়ে তপশিলি উপজাতি সংরক্ষিত বিনপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। ফলে বিনপুরের বিদায়ী বিধায়ক দেবনাথ হাঁসদা এবারে টিকিট পাননি।
গোপীবল্লভপুর কেন্দ্রে বিদায়ী বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতোর পরিবর্তে প্রার্থী করা হয়েছে জেলা তৃণমূলের সহ-সভাপতি তথা পুরসভার কাউন্সিলর অজিত মাহাতোকে। বিধায়ক কোটা বরাদ্দ অর্থ ব্যয় না হওয়া নিয়ে দীর্ঘদিনের অভিযোগের জেরেই এই সিদ্ধান্ত বলে রাজনৈতিক মহলের ধারণা।
ঝাড়গ্রাম কেন্দ্রেও এসেছে নতুন মুখ। প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা আগেই দলে যোগ দিয়ে টিকিট পেয়েছেন সাধুরামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের আইন আধিকারিক মঙ্গল সোরেন। তিনি পূর্বে ২০০৪ সালে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
অন্যদিকে নয়াগ্রাম কেন্দ্রে অভিজ্ঞ মুখের উপরই আস্থা রেখেছে দল। তিনবারের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মুকে ফের প্রার্থী করা হয়েছে।
নতুন ও পুরনো মুখের মিশেলে প্রার্থী তালিকা ঘোষণার পর জেলায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। এদিন ঝাড়গ্রাম শহরের দলীয় কার্যালয়ে মঙ্গল সোরেনের হাতে দলীয় পতাকা তুলে দেন দুলাল মুর্মু। উপস্থিত ছিলেন অজিত মাহাতো-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো