
আগরতলা, ১৮ মার্চ (হি.স.) : জনজাতিদের ঐতিহ্যবাহী উৎসবের দিন পড়ায় ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি ঘিরে বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে। ১৩ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল নির্বাচন সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে।
বুধবার বিধানসভায় শূন্য কালে বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁরা জানান, নির্ধারিত ১৩ এপ্রিল বিজু উৎসব, হার বিশু এবং জনজাতিদের ঐতিহ্যবাহী হাড়ি বুইসু উৎসব পালিত হয়। এই গুরুত্বপূর্ণ উৎসবের দিনে নির্বাচন হলে সাধারণ মানুষের অংশগ্রহণে প্রভাব পড়তে পারে।
সুদীপ রায় বর্মন বলেন, রাজ্যে বিজু ও হার বিশু অত্যন্ত তাৎপর্যপূর্ণ উৎসব। তাই ভোটের দিন পিছিয়ে বা এগিয়ে নিয়ে আসা জরুরি। তাঁর প্রস্তাবে সমর্থন জানান বিরোধী দলনেতাও।
এ বিষয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জানান, বর্তমান টিটিএএডিসি-এর মেয়াদ শেষ হবে ১৮ এপ্রিল এবং ভোট গণনা নির্ধারিত রয়েছে ১৭ এপ্রিল। ফলে সমস্ত বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে। পরে মন্ত্রী সুশান্ত চৌধুরী ১৩ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল নির্বাচন করার প্রস্তাবটি বিধানসভায় পাঠ করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এদিকে, টিটিএএডিসি নির্বাচনের ফল প্রকাশের দিন নিয়েও আপত্তি জানান সুদীপ রায় বর্মন। তাঁর দাবি, ১৭ এপ্রিল ফল ঘোষণা হলে তা পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট রাজ্যগুলির নির্বাচন শেষ হওয়ার পর ফল প্রকাশের দাবি তোলেন তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ