
আলিপুরদুয়ার, ১৮ মার্চ (হি. স.): ভোটের আগে আলিপুরদুয়ার শহরে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ছোট গাড়ি শহরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। গাড়িটির নম্বর অসমের বলে জানা গেছে। পুলিশের নজরে আসতেই গাড়িটিকে আটক করা হয়।এরপর বক্সা ফিডার রোডে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। প্রথমে গাড়ির চালক বিকেন ইসলামির কাছ থেকে প্রায় ৯৭ হাজার টাকা উদ্ধার হয়। অভিযুক্ত ব্যক্তি অসমের চিরাং জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। এরপর গাড়ির বিভিন্ন অংশে আরও তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার বেশি উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে প্রায় ৩ লক্ষ টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান, ভোটের আগে এই টাকা কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। তবে টাকার উৎস ও গন্তব্য সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে আলিপুরদুয়ার থানার পুলিশ। উদ্ধার হওয়া সমস্ত নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়