
দক্ষিণ ২৪ পরগনা, ১৮ মার্চ (হি.স.): দক্ষিণ ২৪ পরগনা জেলার সমুদ্র সৈকতে ড্রোন উদ্ধার। তার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিম অমরাবতী গ্রামে।দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালি সমুদ্র সৈকতের কাছেই অবস্থিত এই গ্রাম। বুধবার এই ড্রোনটি প্রথম দেখতে পান মৎস্যজীবীরা। তাঁরাই খবর দেন পুলিশে। তবে কীভাবে এই ড্রোন এখানে এল, তা নিয়ে নির্দিষ্ট তথ্য মেলেনি। তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, মাছ ধরতে যাওয়ার পথে দূর থেকে ওই যন্ত্র দেখেন মৎস্যজীবীরা। কাছে যেতেই দেখেন, প্লেনের আদলে একটি যন্ত্র পড়ে রয়েছে ফাঁকা সমুদ্র সৈকতে। মুহূর্তে এলাকায় ভিড় জমে যায়, ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। জানা যায়, সেটি একটি ড্রোন। উদ্ধার করা হয় ড্রোনটিকে। যদিও কীভাবে বকখালির কাছে এই ড্রোন এসে উপস্থিত হলো, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে আতঙ্ক রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ