
কলকাতা, ১৮ মার্চ (হি. স.) : ১১ জন জেলাশাসককে বদলি করল জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি কলকাতা উত্তরের নির্বাচনী আধিকারিক এবং কলকাতা পুরসভার কমিশনারকেও বদল করা হয়েছে। তালিকায় রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা। এ ছাড়াও কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক বদল করা হয়েছে। ১১টি জেলার জেলাশাসক–ও নিয়ম অনুযায়ী জেলা নির্বাচনী আধিকারিক।
কোচবিহারে দায়িত্ব পেলেন জিতিন যাদব, জলপাইগুড়িতে সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরে বিবেক কুমার, মালদায় রজনবীর সিং কাপুর, মুর্শিদাবাদে আর অর্জুন, নদিয়ায় শ্রীকান্ত পল্লি, পূর্ব বর্ধমানে শ্বেতা আগরওয়াল, উত্তর ২৪ পরগনায় শিল্পা গৌরিসারিয়া, দক্ষিণ ২৪ পরগনায় অভিষেক কুমার তিওয়ারি, দার্জিলিংয়ে হরিশঙ্কর পানিক্কর, আলিপুরদুয়ারে টি বালাসুব্রহ্মণ্যম। কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিক ও মিউনিসিপ্যাল কমিশনার হলেন স্মিতা পাণ্ডে, রণধীর কুমার হলেন দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক।ভোট ঘোষণার পর থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়েছে। প্রশাসন এখন কমিশনের নিয়ন্ত্রণাধীন। নির্বাচনের আগে অধিকাংশ জায়গাতেই পুলিশ-প্রশাসনে নতুন মুখ আনছে কমিশন। উল্লেখ্য, নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর তিনটের মধ্যে এই ১৩ জন আমলাকে নতুন দায়িত্ব নিতে হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত