
মুম্বই, ১৮ মার্চ (হি.স.): মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচ জন আহত হয়েছেন। বুধবার মুম্বইয়ের নিকটবর্তী রায়গড় জেলার খোপোলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুণে থেকে মুম্বইমুখী লেনে খোপোলির কাছে নতুন টানেলের কাছে একটি কন্টেনারের ব্রেক ফেল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি একাধিক গাড়িকে ধাক্কা মেরে শেষে একটি গাড়ির উপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
পোলি আইআরবি টহল, দেবদূত সিস্টেম, বরঘাট হাইওয়ে ট্রাফিক পুলিশ, খোপোলি থানা, ডেল্টা ফোর্স, মহারাষ্ট্র নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য ত্রাণ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। পোলি আইআরবি-এর টহলদারি দল, দেবদূত সিস্টেম, বরঘাট হাইওয়ে ট্রাফিক পুলিশ, খোপোলি থানার পুলিশ, ডেল্টা ফোর্স ও মহারাষ্ট্র নিরাপত্তা বাহিনী মিলিতভাবে উদ্ধারকাজে নামে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। খোপোলি থানার ভারপ্রাপ্ত এক পুলিশ আধিকারিক জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য