
উত্তর ২৪ পরগনা, ১৮ মার্চ (হি. স.): প্রখর রোদ উপেক্ষা করে বুধবার দিনভর নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকলেন বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ। এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং সমর্থন প্রার্থনা করেন তিনি।তীব্র গরমের মধ্যে তাঁকে মাঝে মধ্যে ঠান্ডা জল পান করে সামান্য বিরতি নিতে দেখা গেলেও আবার দ্রুত প্রচারে নেমে পড়েন। পথচলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন।এদিন প্রচারের সময় সজল ঘোষ বলেন, দীর্ঘ ৩৪ বছর সিপিআইএমকে দেখেছেন, তারপর তৃণমূল কংগ্রেসকেও দেখেছেন। এবার পাঁচ বছরের জন্য আমাকে সুযোগ দিন। তিনি দাবি করেন, এলাকার বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়ে গিয়েছে, যা সমাধানের জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ।স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় রাস্তা, নিকাশি, পানীয় জল–সহ একাধিক সমস্যার কথা তুলে ধরেন তিনি। ভোটে জয়ী হলে এই সমস্যাগুলির দ্রুত সমাধান করার আশ্বাস দেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়