বাঁকুড়ায় তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন মুখের প্রাধান্য
বাঁকুড়া, ১৮ মার্চ (হি.স.): বাঁকুড়া জেলায় আসন্ন নির্বাচনে প্রার্থী তালিকায় নতুন মুখের উপর জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলার ১২টি বিধানসভা আসনের মধ্যে ৯টিতেই এবার নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘ
বাঁকুড়ায় তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন মুখের প্রাধান্য


বাঁকুড়া, ১৮ মার্চ (হি.স.): বাঁকুড়া জেলায় আসন্ন নির্বাচনে প্রার্থী তালিকায় নতুন মুখের উপর জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলার ১২টি বিধানসভা আসনের মধ্যে ৯টিতেই এবার নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা আগে দলে যোগ দেওয়া কয়েকজনকেও টিকিট দেওয়া হয়েছে। রানীবাঁধ, বড়জোড়া ও বাঁকুড়া কেন্দ্রে যথাক্রমে তনুশ্রী হাঁসদা, গৌতম মিশ্র ও ডা. অনুপ মণ্ডলকে প্রার্থী করা হয়েছে।

উল্লেখ্য, রানীবাঁধ ও বড়জোড়া—দুটি কেন্দ্রেই গত নির্বাচনে তৃণমূল জয়ী হয়েছিল। তবে এবার ওই কেন্দ্রগুলিতে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। রানীবাঁধে বর্তমান বিধায়ক জ্যোৎস্না মান্ডির পরিবর্তে তনুশ্রী হাঁসদা এবং বড়জোড়ায় অলোক মুখোপাধ্যায়ের পরিবর্তে গৌতম মিশ্রকে প্রার্থী করা হয়েছে।

এছাড়া তালড্যাংরা কেন্দ্রে বর্তমান বিধায়ক ফাল্গুনী সিংহকে পুনরায় প্রার্থী করা হয়েছে। কোতুলপুর ও বিষ্ণুপুরে যথাক্রমে হরকালী প্রতিহার ও তন্ময় ঘোষকে প্রার্থী করা হয়েছে, এঁরা পূর্বে অন্য দলে নির্বাচিত হয়ে পরে তৃণমূলে যোগ দেন।

রাইপুর কেন্দ্রে মৃত্যুঞ্জয় মুর্মুর পরিবর্তে ঠাকুর মণি সোরনকে প্রার্থী করা হয়েছে। শালতোড়া কেন্দ্রে উত্তম বাউড়িকে প্রার্থী করা হয়েছে, যেখানে স্থানীয়ভাবে বাউড়ি সম্প্রদায়ের প্রতিনিধিত্বের দাবি উঠেছিল।

অন্যদিকে ছাতনা, ওন্দা, ইন্দাস ও সোনামুখী কেন্দ্রে যথাক্রমে স্বপন কুমার মণ্ডল, সুব্রত দত্ত (গোপে), শ্যামলী রায় বাগদি ও ডা. কল্লোল সাহাকে প্রার্থী করা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, এ বার প্রার্থী তালিকায় নতুন মুখকে গুরুত্ব দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande