
জয়পুর, ১৮ মার্চ (হি.স.): রাজস্থানে ফের আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সাতটি জেলায় ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার ও শুক্রবার প্রায় গোটা রাজ্য জুড়েই খারাপ আবহাওয়ার সম্ভাবনা, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
বুধবার আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী তিন দিন রাজ্যে এই পরিবর্তন দেখা যাবে। মঙ্গলবার থেকেই বহু জেলায় আকাশ মেঘলা ছিল, তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। বিকানের, চুরু, জয়সলমির ও যোধপুরে তাপমাত্রা ৩৫ ডিগ্রির নিচে নেমে আসে।
যোধপুর, বারমের, বিকানের, আজমের, পালি, জয়পুর, ভরতপুর-সহ একাধিক জেলা মেঘাচ্ছন্ন ছিল। মঙ্গলবার চিতোরগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। অন্যদিকে শ্রীগঙ্গানগর ও হনুমানগড়ে তাপমাত্রা অনেকটাই কমে যায়। রাতের তাপমাত্রাও কমেছে। সিকার, চুরু, দৌসা-সহ বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমেছে। সিকার জেলার ফতেহপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আবহাওয়া দফতরের মতে, ২১ মার্চের পর ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হবে এবং আবার তাপমাত্রা বাড়তে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য