
আগরতলা, ১৮ মার্চ (হি.স.) : ১২ দফা দাবির ভিত্তিতে বিধানসভা অভিযান ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী আগরতলা শহরের উত্তর গেট সংলগ্ন এলাকা। পুলিশের বাধা অমান্য করে এগুতে গেলে বামপন্থী কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে, যার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা যায়, সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে এদিন বিধানসভা অভিযান কর্মসূচি নেওয়া হয়। কৃষক, জুমিয়া ও ক্ষেতমজুরদের বিভিন্ন সমস্যার সমাধানে ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনগুলির শীর্ষ নেতারা।
এদিন মিছিলটি বিধানসভা অভিমুখে রওনা হলে আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে পুলিশ উত্তর গেট এলাকায় ব্যারিকেড করে তাঁদের আটকে দেয়। অভিযোগ, এরপর মিছিলকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনায় কয়েকজন কর্মী-সমর্থক সামান্য আহত হন বলে জানা গেছে।
ধস্তাধস্তির সময় সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র করের জামা ছিঁড়ে যায় বলে অভিযোগ। তিনি দাবি করেন, একাধিক পুলিশকর্মী তাঁকে আটকে রেখেছিলেন। যদিও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ