
কলকাতা, ১৯ মার্চ (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে বিজেপির প্রার্থী হতে পারেন বলে নিজেই জানিয়েছেন আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসক পড়ুয়ার মা। আর তার পরেই সিপিএম ও বামপন্থীদের তীব্র নিশানা করলেন নিহত পড়ুয়ার বাবা-মা। নিহত পড়ুয়া (অভয়া)-র মা বলেছেন, আমাদের বিচার পাওয়ার লড়াইটা দিন দিন কঠিনতর হচ্ছে। তাই মনে করেছি ক্ষমতা হাতে পাওয়া দরকার। না হলে বিচার পাওয়া আরও কঠিন হবে। সিপিএম যে ভাবে আমার মেয়েকে ভোট ময়দানে এনে নিজেদের পায়ের তলার জমি শক্ত করছে, ভোট কাটাকাটি করে তৃণমূলকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেখান থেকে মনে হয়েছে আমার আসা দরকার। আমি নিজেই ফোন করে প্রার্থী হতে চাই বলেছি (বিজেপিকে)।
সিপিএমের বিরুদ্ধে বিজেপি যেভাবে ‘ভোট কাটাকাটি করে তৃণমূলের সুবিধা’ করার অভিযোগ তোলে, সেই সুরেই সরব হয়েছেন নিহত পড়ুয়ার বাবা-মা। নিহত পড়ুয়ার বাবা বলেছেন, আন্দোলন করে কী লাভ? তৃণমূল সরকারকেই যদি পশ্চিমবঙ্গে রেখে দেয় ভোট কাটাকাটি করার অঙ্কে। ৩৪ বছরের বামপন্থীরা চলে গিয়েছেন। কিন্তু তৃণমূলকে ক্ষমতায় রাখায় বামপন্থীদের বিরাট ভূমিকা। আমাদের এখানে যিনি লোকসভায় জিতেছেন, বামেরা ভোট কেটেছিল বলেই জিতেছেন।
আর জি কর-কাণ্ড ঘিরে তৈরি হওয়া আন্দোলন প্রসঙ্গে তাঁর সংযোজন, বিচারের জন্য নয়, নিজেদের স্বার্থরক্ষা করতেই অনেকে আন্দোলনে শামিল হয়েছিলেন। যাঁরা আন্দোলন করেছেন, কেউ আমার মেয়ের বিচারের স্বার্থে করেনি। আমরা কী অবস্থায় আছি, কতটা এগিয়েছি, কতটা পিছিয়েছি, কেউ জানেন না। যাঁরা আন্দোলনে যুক্ত ছিলেন, তাঁরাও কেউ জানেন না। প্রথম থেকেই উদ্দেশ্য খারাপ ছিল ওঁদের। অভয়ার বাবা-মায়ের দাবি, তাঁদের মেয়ের মৃত্যুকে রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহার করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ