
দুর্গাপুর, ১৯ মার্চ (হি.স.) : নবরাত্রি উপলক্ষে গলসী বিধানসভার বুদবুদ বাজারে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণকে ঘিরে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। শোভাযাত্রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক মাঝির উপস্থিতি নিয়ে বিজেপি কটাক্ষ করেছে, যদিও বিষয়টিকে সম্পূর্ণ অরাজনৈতিক বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী।
উল্লেখ্য, রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার চলছে। এই আবহেই নবরাত্রির সূচনাদিনে বুদবুদ বাজারে কলসযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় ‘জয় শ্রীরাম’ লেখা পতাকা ও ধর্মীয় প্রতীক দেখা যায়। ওই অনুষ্ঠানে তৃণমূল প্রার্থী অলোক মাঝির পাশাপাশি তৃণমূল সাংসদ কীর্ত আজাদ ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে সমালোচনা করা হয়েছে। দলের এক নেতা দাবি করেন, ভোটের মুখে এই ধরনের অংশগ্রহণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
যদিও অলোক মাঝি জানান, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল এবং আমন্ত্রণ পাওয়ায় তিনি সেখানে যোগ দেন। তাঁর কথায়, “রাম কারও একার নয়। এটি সম্পূর্ণ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।”
সবমিলিয়ে, নির্বাচনকে ঘিরে ধর্মীয় অনুষ্ঠানেও রাজনৈতিক চাপানউতোর ক্রমেই বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা