ধর্মনগর উপনির্বাচন : সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্ত-এর মনোনয়ন দাখিল
ধর্মনগর (ত্রিপুরা), ১৯ মার্চ (হি.স.) : আসন্ন ৫৬ নং ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্ত বৃহস্পতিবার তাঁর মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদিন ধর্মনগর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার দেবযানি চৌধুরীর
বামফ্রন্ট প্রার্থীর মনোনয়ন দাখিল


ধর্মনগর (ত্রিপুরা), ১৯ মার্চ (হি.স.) : আসন্ন ৫৬ নং ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্ত বৃহস্পতিবার তাঁর মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এদিন ধর্মনগর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার দেবযানি চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন তিনি। মনোনয়ন দাখিলের আগে সিপিআই(এম)-এর পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি ধর্মনগর মহকুমা অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে রিটার্নিং অফিসারের দফতরে পৌঁছায়। কর্মী-সমর্থকদের উপস্থিতি, দলীয় পতাকা ও স্লোগানে গোটা এলাকা সরগরম হয়ে ওঠে। পরবর্তীতে অমিতাভ দত্ত নির্ধারিত প্রক্রিয়া মেনে তাঁর মনোনয়ন পত্র জমা দেন।

উল্লেখ্য, আসন্ন উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। মনোনয়ন দাখিল পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী লড়াই আরও জোরদার হচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ মার্চ, ২৪ মার্চ হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ২৬ মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ভোট গণনা হবে ৪ মে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধর্মনগর কেন্দ্রে মোট ৪৬,১৪৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২৩,৭৬৩ জন মহিলা এবং ২২,৩৮০ জন পুরুষ ভোটার। নির্বাচন পরিচালনার জন্য মোট ৫৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে—এর মধ্যে ৩২টি শহরাঞ্চলে এবং ২৩টি গ্রামাঞ্চলে। এছাড়া ১২ জন সেক্টর সিভিল অফিসার নিয়োগ করা হয়েছে, যাঁদের মধ্যে চারজনকে রিজার্ভ রাখা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande