মাঝআকাশে ভুল ধরা পড়তেই ফিরল এয়ার ইন্ডিয়ার দিল্লি-ভ্যাঙ্কুভার ফ্লাইট, ৭ ঘণ্টা পর নিরাপদে অবতরণ
নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.) : উড়ান শুরুর কয়েক ঘণ্টা পরেই বড় ধরনের ত্রুটি ধরা পড়ায় মাঝআকাশ থেকেই দিল্লিতে ফিরে এল এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক বিমান। দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারগামী এআই-১৮৫ নম্বরের ওই বিমানে ৩০০-রও বেশি যাত্রী ছিলেন।

এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত বোয়িং ৭৭৭-৩০০ ইআর-এর পরিবর্তে ভুলবশত বোয়িং ৭৭৭-২০০ এলআর বিমানে যাত্রীদের পাঠানো হয়। প্রায় চার ঘণ্টা উড়ে যাওয়ার পর, চিনের কুনমিং আকাশসীমায় পৌঁছনোর সময় এই ত্রুটি নজরে আসে। সঙ্গে সঙ্গেই বিমানের দিক পরিবর্তন করে দিল্লির উদ্দেশে ফিরিয়ে আনা হয়।

প্রায় সাত ঘণ্টা আকাশে থাকার পর বিমানটি নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে।

শুক্রবার এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সমস্ত যাত্রী ও ক্রু সদস্যকে সুরক্ষিতভাবে নামিয়ে দেওয়া হয়েছে। তবে এই ত্রুটি কীভাবে ঘটল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই ঘটনায় যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হলেও শেষ পর্যন্ত সবাই নিরাপদে ফিরে আসায় স্বস্তি মিলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

 rajesh pande