ট্রেনের কামরায় অভিনব প্রচার, যাত্রীদের মধ্যেই ভোটের আবেদন মিতা বাগের
হুগলি, ২০ মার্চ (হি.স.) : প্রার্থীতালিকা ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের মন জিততে নানা অভিনব পন্থা অবলম্বন করছেন। এই ধারার ব্যতিক্রম নন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা
ট্রেনের কামরায় অভিনব প্রচার, যাত্রীদের মধ্যেই ভোটের আবেদন মিতা বাগের


হুগলি, ২০ মার্চ (হি.স.) : প্রার্থীতালিকা ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের মন জিততে নানা অভিনব পন্থা অবলম্বন করছেন। এই ধারার ব্যতিক্রম নন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ।

এর আগে ডোর-টু-ডোর প্রচারের সময় সাধারণ মানুষের ঘরে ঢুকে রান্না করতে দেখা গিয়েছিল তাঁকে। শুক্রবার সেই অভিনবত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে লোকাল ট্রেনে চড়ে সরাসরি যাত্রীদের সঙ্গে জনসংযোগ ও ভোটপ্রচার চালাতে দেখা গেল তাঁকে।

এদিন বিকেলে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আরামবাগ স্টেশনে পৌঁছন মিতা বাগ। সেখানে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের সঙ্গে কথা বলে ভোটের আবেদন জানান তিনি। এরপর বিকেল ৫টা ১৫ মিনিটের গোঘাট-তারকেশ্বর লোকাল ট্রেনে উঠে কামরার ভেতরেই হাতজোড় করে যাত্রীদের কাছে সমর্থন চান।

ট্রেনের মধ্যেই বহু যাত্রী প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মায়াপুর স্টেশনে নেমে কিছুক্ষণ জনসংযোগ করার পর ফের আরামবাগগামী ট্রেনে উঠে একইভাবে প্রচার চালান তিনি। জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আবেদনও জানান।

প্রচার শেষে মিতা বাগ বলেন, “আমরা রথে নয়, পথে থাকি। সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী অসংখ্য জনমুখী প্রকল্প চালু করেছেন। সেই উন্নয়নের কথাই মানুষের কাছে তুলে ধরছি। আরামবাগে রেল পরিষেবার উন্নয়নও দিদির হাত ধরেই এসেছে।”

তিনি আরও দাবি করেন, প্রচারে ভালো সাড়া মিলছে এবং সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande