
ঝাড়গ্রাম, ২০ মার্চ (হি.স.) : ঝাড়গ্রামের লোধাশুলি-ঝাড়গ্রাম ৫ নম্বর রাজ্য সড়কে হঠাৎই দেখা মিলল স্থায়ী হাতি ‘রামলাল’-এর। দুপুরবেলায় শালবনী এলাকায় রাজ্য সড়কের ওপর উঠে আসায় কিছুক্ষণের জন্য সম্পূর্ণ থমকে যায় যান চলাচল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাবারের খোঁজে হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে রামলাল সড়কের ওপর উঠে আসে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় একের পর এক বাস, লরি ও অন্যান্য যানবাহন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে। দুই ধারে ভিড় জমে যায় সাধারণ মানুষের। তবে কোনও কিছুর তোয়াক্কা না করেই ধীর গতিতে গাড়িগুলোর পাশ কাটিয়ে এগোতে থাকে হাতিটি।
এ সময় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ির কাছে গিয়ে খাবারের খোঁজও করতে দেখা যায় তাকে। প্রায় কিছুক্ষণ ধরে এই পরিস্থিতি চলার ফলে রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে হাতিটি আবার জঙ্গলের দিকে ফিরে গেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, ‘রামলাল’ গত কয়েকদিন ধরে অসুস্থ ছিল এবং বনকর্মীরা তার চিকিৎসা করছিলেন। এদিন তাকে সুস্থ হয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা যায়।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো