
ইংরেজবাজার, ২০ মার্চ (হি. স.) : ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। ফলে নেতৃত্ব থেকে কর্মীস্তর পর্যন্ত ধোঁয়াশা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার তৃণমূল প্রার্থী আশীষ কুন্ডু জোরকদমে প্রচারে নামেন।এদিন ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কলতাপাড়া এলাকায় প্রচার চালানোর সময় এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকেন স্থানীয়রা। বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীকে স্বাগত জানান। এরপর আশীষ কুন্ডু তাঁর কাছে এবং তাঁর পরিবারের সদস্যদের কাছে তৃণমূলের পক্ষে ভোট চেয়ে আবেদন করেন।এ বিষয়ে আশীষ কুন্ডু বলেন, “উনি আমার বোনের মতো। তাই তাঁর পরিবারের গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ চেয়েছি।” পাশাপাশি তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, এখনও প্রার্থী দিতে না পারা তাদের সাংগঠনিক দুর্বলতার প্রমাণ। আগের বিধায়ককেও মানুষ কাছে পায়নি এবং এলাকায় উন্নয়ন হয়নি বলেও দাবি করেন তিনি।অন্যদিকে সুতপা মুখার্জি বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ ভোট চাইতে পারে। পাড়ায় এসেছেন বলে স্বাগত জানিয়েছি। তবে তৃণমূল এখানে জিততে পারবে না, বিজেপিই বিপুল ভোটে জয়ী হবে।”
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়