শিলিগুড়িতে এটিএম জালিয়াতির বড় পর্দা ফাঁস, তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
শিলিগুড়ি, ২১ মার্চ (হি.স.) : শহরে এটিএম জালিয়াতি চক্রের তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে এলো চাঞ্চল্যকর তথ্য। বিহারের চম্পারণ থেকে ধরা পড়া চার যুবকের মোবাইল পরীক্ষা করতেই সরাসরি পাকিস্তান যোগের হদিশ মিলেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের হোয়াটসঅ্য
শিলিগুড়িতে এটিএম জালিয়াতির বড় পর্দা ফাঁস, তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য


শিলিগুড়ি, ২১ মার্চ (হি.স.) : শহরে এটিএম জালিয়াতি চক্রের তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে এলো চাঞ্চল্যকর তথ্য। বিহারের চম্পারণ থেকে ধরা পড়া চার যুবকের মোবাইল পরীক্ষা করতেই সরাসরি পাকিস্তান যোগের হদিশ মিলেছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের হোয়াটসঅ্যাপে বেশ কিছু পাকিস্তানি নম্বর পাওয়া গেছে, যেখান থেকেই মূলত টাকা লেনদেনের নির্দেশ দেওয়া হতো।

তদন্তে জানা গেছে, এই চক্রটি দেশের বিভিন্ন প্রান্তের দরিদ্র মানুষদের লক্ষ্য করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়ায় নিত। এই অ্যাকাউন্টগুলিতে সরাসরি পাকিস্তান থেকে টাকা পাঠানো হতো। ধৃত রিজওয়ান আলম, আজাদ আলম এবং তাদের সহযোগীরা এটিএম কার্ড ও পিন ব্যবহার করে সেই টাকা তুলে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিত। এমনকি শিলিগুড়ির এক স্থানীয় ব্যক্তির অ্যাকাউন্টেও পাকিস্তান থেকে টাকা আসার প্রমাণ পেয়েছে পুলিশ।

শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানিয়েছেন, অভিযুক্তদের মোবাইল থেকে পাকিস্তানি নম্বর পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাঁর মতে, পাকিস্তান থেকে সরাসরি টাকা আসা কোনও বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়ি থানা এলাকার একটি হোটেল থেকে চার অভিযুক্ত— রিজওয়ান আলম, আজাদ আলম, মহম্মদ ইমরান এবং শের মহম্মদকে এটিএম জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। শুরুতে এটি কেবল এটিএম প্রতারণার মামলা মনে হলেও, মোবাইল পরীক্ষার পর এর আন্তর্জাতিক নেটওয়ার্ক প্রকাশ্যে আসে। এই নেটওয়ার্কের শিকড় আর কোথায় কোথায় ছড়িয়ে আছে এবং এর আসল উদ্দেশ্য কী ছিল, তা এখন খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande