রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী, সম্প্রীতি ও ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক
কলকাতা, ২১ মার্চ (হি. স.) : যথারীতি শনিবার সাতসকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ঈদের নামাজ পাঠের পূর্বেই সেখানে পৌঁছান এবং মূল অনুষ্ঠানে যোগদান করেন। তাঁর সঙ্গে ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায
রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী, সম্প্রীতি ও ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক


কলকাতা, ২১ মার্চ (হি. স.) : যথারীতি শনিবার সাতসকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ঈদের নামাজ পাঠের পূর্বেই সেখানে পৌঁছান এবং মূল অনুষ্ঠানে যোগদান করেন। তাঁর সঙ্গে ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী জাভেদ আহমেদ খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দলের কর্মী-সমর্থকরা। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে তিনি উপস্থিত মুসলিম ধর্মপ্রাণ মানুষদের উদ্দেশে এক দীর্ঘ ও সুস্পষ্ট বক্তব্য রাখেন।

​মুখ্যমন্ত্রী এদিন রেড রোডে সকলকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানের মূল পর্বে তিনি বলেন, পবিত্র ঈদ উপলক্ষে কলিন লেন, রিপন স্ট্রিট এবং বেক বাগান এলাকার বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলাম। সেখানে সকলের ভালোবাসা ও আশীর্বাদে আমি আবেগাপ্লুত।

​সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, একত্রিত থাকুক এই বাংলা। বঙ্গবাসীকে স্মরণে রাখতে হবে যে, বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের পথচলার মূলমন্ত্র। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই বাংলা সম্প্রীতির বার্তা বহন করে আসছে; আমার বিশ্বাস, আগামী দিনেও সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। এই ভূমির কৃষ্টি ও সংস্কৃতিই আমাদের সৌভ্রাতৃত্বকে অটুট রেখেছে। কিন্তু বাংলার এই সংস্কৃতি বিনষ্ট করতে উদ্যত হয়েছে বাংলা-বিরোধী দলগুলি। আমি আশাবাদী, এই বাংলায় কোনও স্বৈরাচারী শক্তি জয়লাভ করতে পারবে না। আপসহীন লড়াই আমাদের বেঁচে থাকার একমাত্র রসদ এবং এগিয়ে চলার উপজীব্য। তাদের অপশক্তি, ক্রূরতা, হিংস্রতা, কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে বাংলার মানুষ যোগ্য জবাব দেবেন। আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনে সমস্ত অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়বে বাংলা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande