দাবি আদায়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ, পুলিশের বাধায় থমকাল মিছিল
আগরতলা, ২১ মার্চ (হি.স.) : পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার রাজধানী আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে বিক্ষোভে সামিল হন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। সেখান থেকে সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে মিছিল করে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি থা
অঙ্গনওয়াড়ি কর্মীদের মিছিল


আগরতলা, ২১ মার্চ (হি.স.) : পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার রাজধানী আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে বিক্ষোভে সামিল হন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। সেখান থেকে সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে মিছিল করে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি থাকলেও পূর্ব অনুমতি না থাকায় পুলিশ তাঁদের ময়দানেই আটকে দেয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাবিদাওয়া পূরণ না হওয়ার অভিযোগ তুলে অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপার সংগঠনের ডাকে এদিন কর্মী-সহায়িকারা সমবেত হন। পরিকল্পনা অনুযায়ী, স্বামী বিবেকানন্দ ময়দান থেকে মিছিল করে গান্ধী মূর্তির সামনে গিয়ে বিক্ষোভ দেখানোর কথা ছিল। কিন্তু পুলিশি বাধার মুখে সেই কর্মসূচি ভেস্তে যায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তাঁদের গ্রাচুইটি প্রদান করা হচ্ছে না। পাশাপাশি অন্যান্য সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধাও তাঁরা পাচ্ছেন না। তাঁদের দাবি, অবসরকালীন সুবিধা হিসেবে অঙ্গনওয়াড়ি কর্মীদের ৫ লক্ষ টাকা এবং সহায়িকাদের ৪ লক্ষ টাকা প্রদান করতে হবে।

এদিন আন্দোলনকারীরা আরও জানান, চলতি বিধানসভার অধিবেশনে তাঁদের দাবিগুলি উত্থাপিত হবে বলে আশা করেছিলেন তাঁরা। কিন্তু বিষয়টি নিয়ে কোনও আলোচনা না হওয়ায় তাঁরা হতাশ। সেই কারণেই মুখ্যমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দাবি জানাতে তাঁরা এদিন উপস্থিত হন।

এদিকে, পুলিশ ময়দানেই আটকে দেওয়ায় একসময় বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী এসে তাঁদের সঙ্গে দেখা না করা পর্যন্ত তাঁরা আন্দোলনস্থল ছেড়ে যাবেন না। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় পুলিশের তৎপরতায়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande