
কলকাতা, ২১ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তাঁর নির্বাচনী প্রচার শুরু করলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন।
শুভেন্দু অধিকারী এবার ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকেও নির্বাচনী ময়দানে রয়েছেন, যেখানকার তিনি বর্তমান বিধায়ক।
শনিবার সকালে বিখ্যাত কালীঘাট মন্দিরে পূজার্চনা করে নিজের প্রচার অভিযান শুরু করেন শুভেন্দু। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে ঘাবড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। হারের ভয় তাঁর হাবভাবে স্পষ্ট ফুটে উঠছে।”
তিনি আরও যোগ করেন, “ইঙ্গিত পরিষ্কার। মুখ্যমন্ত্রী এমন আচরণ করছেন যেন তাঁর পায়ে কাঁটা ফুটেছে। সাধারণ মানুষ বুঝে গিয়েছেন যে তিনি অত্যন্ত ভীত।”
বিজেপি তাঁকে ভবানীপুর থেকে প্রার্থী করায় দলের গুরুত্বের বিষয়টি তুলে ধরে শুভেন্দু বলেন, “এটি প্রমাণ করে যে বিজেপি ভবানীপুর কেন্দ্র নিয়ে কতটা গম্ভীর। আমি দল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন অনুশাসিত কর্মী এবং দলের নির্দেশ পালন করেছি।”
এদিন রেড রোডে ঈদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যেরও কড়া সমালোচনা করেন বিরোধী দলনেতা। তাঁর মতে, এই পবিত্র অনুষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য মুসলিম সংগঠনগুলোর উচিত মুখ্যমন্ত্রীর নিন্দা করা।
উল্লেখ্য, এর আগে রেড রোডের ঈদ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে দাবি করেছিলেন যে, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর ) প্রক্রিয়ার মূল রূপকার হলেন প্রধানমন্ত্রী নিজেই।
হিন্দুস্থান সমাচার / সোনালি