
জৌনপুর, ২১ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের জৌনপুরে প্রয়াগরাজ-জৌনপুর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাসচালকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৯ জন যাত্রী। শনিবার মুংরা বাদশাহপুর থানার কোধাউন গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে প্রয়াগরাজ থেকে টান্ডার উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। ভোর সাড়ে ৫টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে বাসের সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। গুরুতর আহত এক যাত্রীকে সাথারিয়া সিএইচসিতে স্থানান্তরিত করা হয়েছে।
এই ঘটনায় বাসচালক সতীশ গুপ্ত (৪৫)-র ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে চালকের ঘুমিয়ে পড়া বা ব্রেক বিকল হওয়াকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য