

আরামবাগ, ২১ মার্চ (হি. স. ): ভোটের মুখে আলু সংরক্ষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আরামবাগ মহকুমার গোঘাটের হাজিপুর এলাকা। শুক্রবার রাত থেকে স্থানীয় হিমঘরের সামনে বিক্ষোভে সামিল হন আলু চাষিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় পুলিশ।
চাষিদের অভিযোগ, গত বছর বাইরের রাজ্যে আলু পাঠানো না যাওয়ায় বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছিল। এবারও মাঠে আলুর দাম তলানিতে ঠেকেছে। ফলে উৎপাদিত আলু সংরক্ষণের জন্য হিমঘরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন চাষিরা। কিন্তু অভিযোগ, স্থানীয় চাষিদের আলু না নিয়ে বাইরের জেলার আলু হিমঘরে ঢোকানো হচ্ছে।
এই পরিস্থিতিতে শুক্রবার রাত থেকেই দলবদ্ধভাবে হাজিপুর হিমঘরের সামনে জড়ো হন চাষিরা। তাঁদের দাবি, স্থানীয়ভাবে উৎপাদিত আলু সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হিমঘরে পুলিশ মোতায়েন করা হয়। পরে টোকেন ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ।
জানা গিয়েছে, আপাতত প্রতিটি চাষির কাছ থেকে ৫০ বস্তা করে আলু নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চাষিদের দাবি, বিঘা প্রতি উৎপাদন যেখানে ৮০-৯০ বস্তা, সেখানে এই ব্যবস্থা যথেষ্ট নয়। এক একজন চাষি গড়ে ৪-৫ বিঘা জমিতে আলু চাষ করেন।
ভোটের আগে আলুর দাম ও সংরক্ষণ সমস্যা ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। কৃষিপ্রধান এই অঞ্চলে চাষিদের ক্ষোভ যে নির্বাচনে প্রভাব ফেলতে পারে, তা মনে করছেন রাজনৈতিক মহল।
---------------
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA