
আগরতলা, ২১ মার্চ (হি.স.): উচ্চ আদালতের নির্দেশ সম্পর্কে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার অজ্ঞতার মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ত্রিপুরা সর্বশিক্ষা অভিযান (এসএসএ) টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে সুপ্রিম কোর্টে দায়ের করা বিশেষ অনুমতি আবেদন (এসএলপি) প্রত্যাহার করে শিক্ষকদের নিয়মিত করার দাবি তোলা হয়েছে।
সংগঠনের অভিযোগ, সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের নিয়মিতকরণের লক্ষ্যে রাজ্য সরকার একটি প্রকল্প চালু করলেও তার আওতায় মাত্র দু'জন শিক্ষককে স্থায়ী করা হয়েছে। এই প্রেক্ষিতে ত্রিপুরা সর্বশিক্ষা অভিযান (এসএসএ) টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উচ্চ আদালতের দ্বারস্থ হয়। মামলার রায়ে উচ্চ আদালত নির্দেশ দেয়, ২০১১ সালের ২৯ জুলাইয়ের আগে যেসব শিক্ষক নিয়োগ পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক নয় এবং তিন মাসের মধ্যে তাঁদের নিয়মিত করতে হবে।
কিন্তু এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ২০২৪ সালের ২৭ জুলাই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে। এমনকি রাজ্যের পক্ষের আইনজীবী এলিমেন্টারি শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করার আবেদন জানান বলেও দাবি সংগঠনের।
সম্প্রতি বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট মামলার বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন। এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে শনিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনটি। সংগঠনের রাজ্য সভাপতি সজল দেব বলেন, মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য অত্যন্ত বিস্ময়কর। তিনি অবিলম্বে সুপ্রিম কোর্ট থেকে এসএলপি প্রত্যাহার করে ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী উচ্চ আদালতের রায় কার্যকর করার দাবি জানান।
এদিকে, টিটিএএডিসি প্রশাসন সম্প্রতি সর্বশিক্ষা অভিযানের ১৮ জন শিক্ষককে নিয়মিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে টিটিএএডিসি প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি সজল দেব।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ