
আগরতলা, ২২ মাৰ্চ (হি.স.) : অসম এবং পশ্চিমবঙ্গে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পাঠানো হচ্ছে ১০ কোম্পানি ‘ত্রিপুরা স্টেট রাইফেলস’ (টিএসএআর)-এর জওয়ান।
ত্রিপুরা পুলিশের সদর দফতরের এক আধিকারিক সূত্র এ খবর দিয়ে জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুরোধে টিএসএআর-এর বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধিকারিক সূত্রটি জানিয়েছে, সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা স্টেট রাইফেলস-এর ৮০০ জওয়ান সংবলিত ১০টি কোম্পানি পাঠানো হবে। প্রথমে তাঁদের পাঠানো হবে অসমে। আগামী ৯ এপ্রিল অসম বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। পরে তাঁরা যাবেন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ দুই দফায় যথাক্ৰমে ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল।
সূত্ৰটি জানিয়েছে, যাঁদের পাঠানো হবে তাঁরা মূলত অ্যাড-হক ব্যাটালিয়নের জওয়ান। বাহিনীর নেতৃত্বে থাকবেন নবম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট আইপিএস অমরজিৎ দেববর্মণ এবং অষ্টম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আলোক ভট্টাচার্য। টিএসআর-এর দলটি আগামীকাল ২৩ অথবা ২৪ মার্চ ত্রিপুরা থেকে অসমের উদ্দেশ্যে রওয়ানা দেবে, জানিয়েছে রাজ্য পুলিশের আধিকরিক সূত্র।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস