
হাফলং (অসম), ২২ মাৰ্চ (হি.স.) : জল্পনার অন্ত। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অসমের শাসকদল ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন হিমন্তবিশ্ব শর্মা মন্ত্রিসভার সদস্য এবং হাফলঙের বর্তমান বিজেপি বিধায়ক নন্দিতা গার্লোসা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন। আজ রবিবার হাফলঙের কংগ্রেস-প্রার্থী নির্মল লাংথাসা এবং এপিসিসির সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে যোগদান করেছেন নন্দিতা।
আসন্ন বিধানসভা নির্বাচনে ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলঙে নন্দিতা গার্লোসাকে প্রার্থী না করে নতুন মুখ হিসেবে রূপালি লাংথাসাকে মনোনয়ন দিয়েছে বিজেপি। এর পরই নন্দিতার এই দলবদলের সিদ্ধান্ত। কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি নির্মল লাংথাসার পরিবর্তে প্রার্থী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল শনিবার হাফলঙের বিধায়ক, রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেত্রী নন্দিতা গার্লোসা কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে একটি খবর চাউর হয়েছিল। তাঁর এই সিদ্ধান্তের পর ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলঙে নির্মল লাংথাসার নাম ঘোষণা করেছিল কংগ্রেস। নির্মল লাংথাসা হাফলঙের এক সময়ের হেভিওয়েট কংগ্রেস নেতা প্রয়াত গোবিন্দচন্দ্র লাংথাসার কনিষ্ঠ পুত্র।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস