
হাফলং (অসম), ২২ মাৰ্চ (হি.স.) : এবারের অসম বিধানসভা নির্বাচনে এনডিএ ১০৪টি আসনে জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে প্রচারে জোর দেওয়া হয়েছে, বলেছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ রবিবার ঝটিকা সফরে হাফলং এসে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা বলেন, এবারের বিধানসভা নির্বাচনে অসমে এনডিএ জোট ১০৪টি আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আগামীকাল (২৩ মার্চ) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। পরের দিন ২৪ মার্চ থেকে বিজেপি রাজ্যে নির্বাচনী প্রচার অভিযান শুরু করবে। তাই এবারের নির্বাচনে বিজেপি অসমে কতটা আসনে জয়লাভ করবে আগাম বলা ঠিক হবে না। প্রচার অভিযান শুরু হওয়ার পরই বিজেপি কয়টি আসনে জয়লাভ করবে তা বলা সম্ভব হবে, বলেন মুখ্যমন্ত্রী।
এদিন ঝটিকা সফরে হাফলং এসে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামীকাল সোমবার হাফলং আসনে বিজেপি প্রার্থী রূপালি লাংথাসা মনোনয়ন জমা দেবেন। তাই বিজেপি-প্রার্থীকে শুভেচ্ছা জানাতে তাঁর হাফলং সফর।
মুখ্যমন্ত্রী বলেন, আজ হাফলং এসে তিনি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, পরিষদের কার্যনির্বাহী সদস্য, পরিষদ সদস্য ও বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর সর্বোচ্চ সংগঠন, জেলা বিজেপির নেতা-কার্যকর্তাদের সঙ্গে হাফলং নাইরাইখো হোটেলে বৈঠকে মিলিত হয়েছেন।
কুকি উন্নয়ন পরিষদ ও মার উন্নয়ন পরিষদ গঠন করতে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে ডিমা হাসাও জেলায় বিভিন্ন সংগঠন ও মানুষের মধ্যে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এ সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সংবিধানের ষষ্ঠ তফশিলির ১২৫ নম্বর সংশোধনী বিল পাস হলে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮ আসন থেকে বৃদ্ধি হয়ে ৪০টি আসন হবে। বৃদ্ধি হওয়া এই ১২টি আসনে জেলার সব জনগোষ্ঠীর যাতে সমান প্রতিনিধিত্ব থাকে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।
নির্বাচনের পর ডিমা হাসাও জেলাকে বিভক্ত করে দুটি জেলা গঠন করার প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ও সকলের মতামত নিয়ে জেলা গঠন হবে।
এবারের নির্বাচনে ১৮ জন বর্তমান বিধায়কের টিকিট কর্তন প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমার টিকিটও কোনও সময় কাটা যেতে পারে, বিজেপি দলে কারও টিকিট নিশ্চিত নয়। তবে টিকিট কাটা গেলে কখনও ভাগ্য খুলে যেতে পারে এবং আরও বড় কিছু পাওয়ার সম্ভাবনা থাকে, মন্তব্য করে ড. শর্মা বলেন, টিকিট-বঞ্চিতদের অন্য কোনওভাবে সংস্থাপন করার চিন্তাভাবনা করা হবে। তাই এ নিয়ে অযথা ক্ষোভ না দেখিয়ে দলের স্বার্থে কাজ করে যাওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
হাফলং আসনে ন্যাশনাল পিপলস পার্টি বা কংগ্রেস বিজেপির কাছে কোনও ফ্যাক্টর হবে কিনা এবং এনপিপি-বিজেপির মধ্যে মিত্রতা নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, মিত্রতা দু ধরনের হয়। এক, নির্বাচনের আগে ও অন্যটি নির্বাচনের পর। নির্বাচনের আগে এনপিপির সঙ্গে বিজেপির কোনও মিত্রতা নেই। মেঘালয়ে এনপিপি ও বিজেপি পৃথক পৃথক নির্বাচনে অবতীর্ণ হয়। অসমেও তাই হবে। নির্বাচনের পর এনপিপি এবং এনডিএ শরিক দল বলে মন্তব্য করে হিমন্তবিশ্ব শর্মা বলেন, হাফলং আসনে এনপিপি প্রার্থী দেওয়ায় বিজেপি দলের লাভ হয়েছে। এনপিপি এবং কংগ্রেসের মধ্যে ভোট বিভাজন হলে বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসার ভোট বৃদ্ধি হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন তিনসুকিয়ার জাগুনে পুলিশের কমান্ডো বাহিনীর শিবিরে সন্দেহভাজন আলফা স্বাধীনের আক্রমণের প্রতিক্রিয়া দিয়েছেন। এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে পুলিশের কমান্ডো শিবিরে হামলার পর সেনা ও পুলিশ জঙ্গি-বিরোধী অভিযান তীব্র করে তুলেছে। শীঘ্রই ঘটনার সঙ্গে জড়িতদের সেনা ও পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে, জোরের সঙ্গে বলেন তিনি।
এখানে উল্লেখ করা যেতে পারে, আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে অনুপস্থিত ছিলেন হাফলঙের বর্তমান বিজেপি বিধায়ক তথা ক্যাবিনেট মন্ত্রী নন্দিতা গার্লোসা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব