
তেজপুর (অসম), ২৩ মাৰ্চ (হি.স.) : অসমের শোণিতপুর জেলায় অ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে দুই মহিলা, এক বালক সহ সাতজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন একজন। তাঁরও অবস্থা সংকটজনক বলে জানা গেছে। নিহতদের সমীজ নাথ (২৬), সন্ধ্যামণি নাথ (২২), বিশ্বেষ নাথ (১৬), কুনাল কৰ্মকার (২১), বিজয় হানসা (৫২), সুজিতা গোঁড় (২০) এবং হরি মাদগি (৩২) বলে শনাক্ত করেছে পুলিশ। এছাড়া তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন মহেশ মাঝি (২৪)। নিহত বিজয় হানসা অ্যাম্বুলেন্সের চালক ছিলেন।
শোণিতপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ বরুণ পুরকায়স্থ এ তথ্য দিয়ে জানান, তুলিপ চা বাগান থেকে একজন রোগী ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে তেজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। রাত প্রায় পৌনে দশটা নাগাদ ঢেকিয়াজুলি থানা এলাকার রাবারতলায় জাতীয় সড়ক ১৫-এ একটি ১৬ চাকার কনটেইনার (পণ্যবাহী ট্রাক)-এর সঙ্গে সংঘর্ষ হয় রোগীবাহী অ্যাম্বুলেন্সের।
সিনিয়র পুলিশ সুপার পুরকায়স্থ জানান, সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই একই পরিবারের তিন সহ ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে তেজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসা শুরুর আগেই হাসপাতালে একজন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্যজনের চিকিৎসা চলেছে। তারও অবস্থা নাকি সংকটজনক।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসডিআরএফ-এর দল এবং এক্সক্যাভ্যাটর নিয়ে অকুস্থলে ছুটে যায় পুলিশ। তাঁরা হতাহতদের উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাগ্রস্ত কনটেইনারকে বাজেয়াপ্ত করা হয়েছে। তবে লরির চালক ও সহচালক পালিয়ে যাওয়ায় ধরা যায়নি। চালককে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সিনিয়র পুলিশ সুপার।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস