
ঝাড়গ্রাম, ২৪ মার্চ (হি. স.) : বিবেচনাধীন ভোটারদের অতিরিক্ত তালিকা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জেলার অনেক বিএলও-দর কাছে তালিকা না পৌঁছানোয় উদ্বেগ বেড়েছে। এমনকি নির্বাচন কমিশনের ওয়েবসাইটও ঠিকঠাক খোলা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। জেলার চারটি বিধানসভা মিলিয়ে মোট ১০২০টি বুথ রয়েছে। এর মধ্যে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ৬,৬২৬।
ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সহ-সভাপতি প্রসূন ষড়ঙ্গী বলেন, “চূড়ান্ত ভোটার তালিকা ছাড়াই ভোট ঘোষণা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। রাজ্য নেতৃত্ব নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলছে। সব চক্রান্ত সত্ত্বেও আমরা মাঠে রয়েছি।”
অন্যদিকে, সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ কুমার সরকার বলেন, “সারাদিন মানুষ ধোঁয়াশার মধ্যে ছিলেন। প্রকৃত ভোটারদের নাম যেন তালিকা থেকে বাদ না যায়, সে জন্য আমরা আইনি পথে এগোব।”
বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো জানান, “বিষয়টি খতিয়ে দেখা হবে।”
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ঝাড়গ্রাম জেলায় ১,৩৩৮ জনের নাম বাদ পড়েছিল। সেই সময় জেলার মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ৯ লক্ষ ৭ হাজার ৩০১। এর মধ্যে ৬,৬২৬ জনকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল। খসড়া তালিকায় মোট ভোটার ছিল ৯ লক্ষ ২ হাজার ১৪।
জেলা নির্বাচনী আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্কর আগেই জানিয়েছিলেন, ফর্ম-৬ এর মাধ্যমে ৬,৬২৫ জন নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে এবং প্রয়োজনীয় নথি না থাকায় ১,৩৩৮ জনের নাম বাদ দেওয়া হয়েছে। বিধানসভা ভিত্তিক হিসাবে নয়াগ্রামে সবচেয়ে বেশি ৫২৫ জনের নাম বাদ পড়ে। গোপীবল্লভপুরে ৩১৯, ঝাড়গ্রামে ২০৫ এবং বিনপুরে ২৮৯ জনের নাম বাদ যায়।
অন্যদিকে, নতুন ভোটার সংযোজনের ক্ষেত্রেও নয়াগ্রাম শীর্ষে রয়েছে। সেখানে ১,৮৩৯ জন নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। গোপীবল্লভপুরে ১,৬৪০, ঝাড়গ্রামে ১,৪৬৯ এবং বিনপুরে ১,৬৭৭ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো