
সাব্রুম (ত্রিপুরা), ২৪ মার্চ (হি.স.) : জননিরাপত্তা জোরদার এবং নাগরিক পরিষেবা আরও গতিশীল করতে এক অনন্য উদ্যোগ নিল দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। আধুনিক প্রযুক্তি ও উন্নত অবকাঠামোর সমন্বয়ে জেলায় অপরাধ দমন ও জনসেবায় সূচনা হল এক নতুন অধ্যায়ের।
মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রযুক্তিনির্ভর সিইআইআর পোর্টালের মাধ্যমে ট্র্যাক করা প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ২০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। হারানো মোবাইল ফিরে পেয়ে মালিকদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি, যা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাকে আরও সুদৃঢ় করেছে।
এদিন শুধুমাত্র প্রযুক্তিগত সাফল্যই নয়, পুলিশি তৎপরতা আরও বাড়াতে অবকাঠামোগত উন্নয়নও তুলে ধরা হয়। আধুনিকীকরণ প্রকল্পের আওতায় জেলায় যুক্ত হয়েছে ৭টি বোলেরো গাড়ি, ৮টি মোটরবাইক এবং ১টি বিশেষ রোড সেফটি ভেহিকল। জেলা পুলিশ সুপার মরিয়া কৃষ্ণা-এর উপস্থিতিতে নতুন যানবাহনগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এই নতুন সংযোজনের ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হবে। পাশাপাশি সড়ক নিরাপত্তা ও অপরাধ দমনে পুলিশের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ