আগরতলা রেলস্টেশনে পিস্তল ও গুলিসহ যুবক আটক, রিমান্ডে নেওয়ার প্রস্তুতি
আগরতলা, ২৪ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলা রেলওয়ে স্টেশনে আবারও পিস্তল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে আগরতলা জিআরপি থানার পুলিশের হাতে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন এবং দুই রাউন্ড তাজা গুলিসহ এক যুবক আটক হয়েছে। ধৃত যুবকের নাম সু
পিস্তল সহ গ্রেফতার যুবক


আগরতলা, ২৪ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলা রেলওয়ে স্টেশনে আবারও পিস্তল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে আগরতলা জিআরপি থানার পুলিশের হাতে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন এবং দুই রাউন্ড তাজা গুলিসহ এক যুবক আটক হয়েছে।

ধৃত যুবকের নাম সুব্রত দত্ত। তার বাড়ি সিপাহীজলা জেলার মধুপুর থানা এলাকায় বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, পিস্তলটি সে বিহার থেকে রেলপথে আগরতলায় নিয়ে এসেছে এবং পরবর্তীতে তা মধুপুর এলাকায় বিক্রির পরিকল্পনা ছিল।

পুলিশ জানিয়েছে, ধৃত সুব্রত দত্তকে বুধবার আদালতে তোলা হবে এবং তাঁকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। এই ঘটনার পর রেলস্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই এদিন সকালে আগরতলা রেলস্টেশন এলাকায় রুটিন তল্লাশি অভিযান চালাচ্ছিল জিআরপি থানার পুলিশ। সেই সময় স্টেশন চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

জিআরপি থানার ওসি রাজু ভৌমিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পাশাপাশি ফরেনসিক টিমকে খবর দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস, এবং এর সঙ্গে জড়িত কোনও চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মনে করছে, এর পিছনে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্র সক্রিয় থাকতে পারে এবং সেই দিকটি মাথায় রেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande